ভোট গণনায় উপস্থিত থাকতে পারবেন গণমাধ্যমকর্মীরা
স্টাফ রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার সুযোগ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, ‘না’ ভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না; বরং ওই আসনে ‘না’ ভোট গ্রহণ করা হবে।
