কুলাউড়ায় ৪৬ বোতল ভারতীয় কোডিন ফসফেটসহ যুবক আটক
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাঁও সঞ্জয়পুর গ্রাম থেকে ৪৬ বোতল ভারতীয় কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতের নাম আবুল হোসেন বাবুল (২৮), তিনি ওই গ্রামের আজম আলীর ছেলে।
গত সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদের নেতৃত্বে এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাবুলের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় LABORATE কোম্পানি প্রস্তুতকৃত 'ESKUP' ব্র্যান্ডের ৪৬ বোতল (প্রতিটি ১০০ মিলি) কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত তরল পদার্থের পরিমাণ ৪৬০০ মিলি।
উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) ১৪ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধে তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
