জুড়ী উপজেলা বিএনপির নির্বাচনে পাঁচ পদে ১১ প্রার্থী, ভোট ১৭ আগস্ট
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ এর নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে উপজেলা বিএনপির নির্বাচন। এতে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা নির্বাচন সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডা. মোস্তাকিম হোসেন বাবুল, মোহাম্মদ নজরুল ইসলাম এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,
- সভাপতি পদে: মাছুম রেজা ও দেওয়ান আইনুল হক
- সহ-সভাপতি পদে: হাজী মো. হেলাল উদ্দিন ও মো. আব্দুল কাইয়ুম
- সাধারণ সম্পাদক পদে: হাবিবুর রহমান আসকর ও মো. মতিউর রহমান চুনু
- যুগ্ম সম্পাদক পদে: মো. মোশতাক খান, মো. নজমুল ইসলাম ও মামুনুর রশীদ
- সাংগঠনিক সম্পাদক পদে: রুমেল উদ্দিন ও আব্দুল লতিফ
ভোটগ্রহণ আগামী ১৭ আগস্ট রবিবার বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
