সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিনে মুক্ত
সিলেটের বহুল আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার পর কারাগার থেকে মুক্তি পান তিনি।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান জকে বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ রোববার তাদের কাছে পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেলে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যায় তিনি কারাগার ত্যাগ করেন।
মনিরুল হাসান আরও জানান, এসআই আকবর পূর্বে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর কার্যক্রম শুরু হলে ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়। জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন (১১ অক্টোবর) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল, পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়।

