বড়লেখায় মোবাইল কোর্টে ফুটপাত দখল ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ফুটপাত দখল ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ) বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী।
অভিযানকালে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান স্থাপন, বাজার এলাকায় যানবাহন অবৈধভাবে পার্কিং, চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর না থাকার মতো নানা অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
এ সময় মোট ৮টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
