দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ, প্লট ক্রোক
দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে।
একইসঙ্গে রাজধানীর উত্তরায় শাহাব উদ্দিনের নামে থাকা ৩২ লাখ ৩৯ হাজার টাকার পাঁচ কাঠা জমি ক্রোকের আদেশ দেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন এ বিষয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানে তাদের নামে খোলা ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থের লেনদেন পাওয়া গেছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক।
আবেদনে আরও বলা হয়, যেকোনো সময় এ অর্থ বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারার অধীনে হিসাবগুলো অবরুদ্ধ করা এবং উত্তরার জমি হস্তান্তর ঠেকাতে ক্রোক করা জরুরি হয়ে পড়েছে।
সূত্র: ষাটমাকন্ঠ
