কুলাউড়ায় খেলার মাঠ সংস্কার ও স্টেডিয়াম নির্মাণের দাবিতে জনজোয়ার

 

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ এবং নবীন চন্দ্র (এন.সি) সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া ও সামাজিক সংগঠন ছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু এবং সঞ্চালনা করেন মাসুদ রানা।
এসময় বক্তব্য দেন—

  • সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান,
  • সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল,
  • উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন,
  • উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম,
  • সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,
  • বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী,
  • কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,
  • সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই,
  • কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ,
  • সাংবাদিক এম মছব্বির আলী,
    এছাড়াও বিভিন্ন ক্রীড়া, সামাজিক সংগঠক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি কুলাউড়া হলেও এখনো এখানে একটি স্টেডিয়াম নির্মাণ হয়নি। এটি কেবল দাবি নয়, বরং আমাদের ন্যায্য অধিকার। স্টেডিয়াম না থাকায় তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠটি কুলাউড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মাঠটি এখন প্রায় খেলাহীন হয়ে পড়েছে। মাঠ সংস্কার না হলে যুবসমাজ খেলাধুলা বিমুখ হয়ে অপরাধ ও মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে।

বক্তারা দ্রুত মাঠ সংস্কার ও স্টেডিয়াম নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সতর্ক করে বলেন— দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url