ফ্রান্সে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
প্রবাসে সামাজিক সংহতি সুদৃঢ় করতে ফ্রান্সে একদিনব্যাপী পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার (১৮ আগস্ট) প্যারিসের উপকণ্ঠে অবস্থিত পার্ক দ্য লা কর্নভে (Parc de la Courneuve)-তে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক প্রবাসী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।
আপন দেশ থেকে বহু দূরে জীবিকার সন্ধানে থাকা প্রবাসীরা প্রায়শই পারিবারিক বিচ্ছিন্নতার সম্মুখীন হন। এই প্রেক্ষাপটে, প্রবাসে বৃহৎ পারিবারিক বন্ধন গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
২০২২ সালের ৯ অক্টোবর প্যারিসে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি জুড়ী উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা, রমজানে ইফতার ও সেহরি বিতরণ এবং শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেই এই মিলনমেলার আয়োজন করা হয়।
সকাল থেকে শুরু হওয়া প্রাণবন্ত এই অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পার্ককে উৎসবমুখর করে তোলে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে প্রবাসীরা কুশল বিনিময় ও আন্তরিক আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ তানভীর ও কামরুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন।
মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য ছিল নানান খেলাধুলার আয়োজন। ফুটবল, হাঁড়ি ভাঙা, বেলুন ফাটানো, বালিশ খেলা এবং শিশুদের জন্য বিশেষ ক্বেরাত প্রতিযোগিতা উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তোলে। খেলা শেষে পরিবেশন করা হয় বাঙালি ঐতিহ্যের খাবারসমৃদ্ধ মধ্যাহ্নভোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমর উদ্দিন, মাওলা বশির উদ্দিন, মাসুক খান, আব্দুল গফুর, আব্দুল কাদির, সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আতাব উদ্দীন, সাইন উদ্দীন ও খায়রুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিুর রহমান, আছাদ খোকন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ এবং অন্যান্য সদস্যরা। তাদের মধ্যে ছিলেন আব্দুর রব চৌধুরী সুমন, জাবেদ আহমেদ, তায়েফ চৌধুরী, সৌরভ সাব্বির, তারেকুল ইসলাম, রাজু আহমেদ, আজিম উদ্দিন, আবু বক্কার, আতিকুর রহমান ও জুবের আহমেদ।
দিনের শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবাসে থেকেও নিজেদের শেকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং পারস্পরিক সংহতি অটুট রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে এই মিলনমেলা।
