বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ রোডে গর্তের রাজত্ব, জনদুর্ভোগ চরমে

 

নিজস্ব প্রতিবেদক বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ রোড দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় বর্তমানে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তে ভরা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, পায়ে হেঁটে চলাও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কয়েক হাজার শিক্ষার্থী ও উপজেলার উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের প্রায় ৭০-৮০ হাজার মানুষের জন্য এটি একমাত্র যাতায়াত পথ হলেও, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভুক্তভোগীরা জানান, গত ৫-৭ বছরে রাস্তাটিতে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে ডোবার মতো অবস্থা হয়, যা যেন এক একটি মৃত্যুফাঁদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী থেকে শাহবাজপুর বাজার হয়ে কানলি পর্যন্ত সড়কটি বিয়ানীবাজারের বিভাগীয় সড়কের সঙ্গে সংযুক্ত। ২০১৯ সালের পর থেকে কোনো মেরামত না হওয়ায় পুরো সড়কের পিচ উঠে গিয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন প্রায় এক কিলোমিটার এলাকায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এই সড়ক দিয়ে যাতায়াত করা অটোরিকশা চালকরা প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। গাড়ির চাকা ভাঙা ও যন্ত্রপাতির ক্ষতি তাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীরাও চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে কলেজে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া কিংবা কাপড়ে কাদা লাগা এখন নিয়মিত ঘটনা। নারী ও শিশুদের জন্য এ পথ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও পানিতে তলিয়ে যায়। তখন রিকশা চলাচল দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও দুষ্কর হয়ে পড়ে। প্রতিবাদ স্বরূপ তারা সম্প্রতি রাস্তায় গর্তের মধ্যে ধানের চারা রোপণ করেছেন। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, “রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন রয়েছে, বিষয়টি সত্য। আমরা ইতোমধ্যে এই সড়কের মেরামতের জন্য একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url