জুড়ীতে মৎস্যজীবিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে এজাহার

 


নিজস্ব প্রতিবেদক, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৎস্যজীবীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এজাহারে নাম উল্লেখ করে দু’জনসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, জুড়ী উপজেলার হাকালুকি হাওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে বেড়জাল ব্যবহার করে নিয়মিত মাছ শিকার করা হচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

কিন্তু অভিযুক্ত মোঃ হেলাল মিয়া (৩৮), পিতা- মোঃ নানো মিয়া, সাং- বাছিরপুর এবং খাঁন জামাল (৪৮), পিতা- মৃত কদম আলী, সাং- কালনীগড়সহ অজ্ঞাত আরও ২-৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার নাম ব্যবহার করে হাওরে মাছ ধরার অভিযোগে স্থানীয় মৎস্যজীবীদের ভয়ভীতি দেখিয়ে মোট ১,৯৪,০০০/- (এক লক্ষ চুরানব্বই হাজার) টাকা চাঁদা আদায় করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ১৫ জুন ২০২৫ হতে ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে এই চাঁদার টাকা আদায় করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মৎস্য কর্মকর্তার নজরে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। সাক্ষ্যগ্রহণে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ১১ জন সাক্ষীর স্বাক্ষরযুক্ত লিখিত এজাহার জুড়ী থানায় দাখিল করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url