মৌলভীবাজারে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ১



নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ছয়টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসময় সুনামগঞ্জ জেলার ছাতক থেকে আব্দুল কাইয়ুম (৪৫) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজের তালা ভেঙে মোট চারটি সিএনজি চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া এবং এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়।

পরবর্তীতে ৫ আগস্ট সুনামগঞ্জের ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি সিএনজির পাশাপাশি আরও দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চোরচক্রের সদস্য আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধারকৃত ছয়টি সিএনজির আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানা গেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, “বাদীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url