কুলাউড়ার ‘ধূমপায়ী’ প্রকৌশলী বড়লেখায় বদলি
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. তারেক বিন ইসলামকে বড়লেখা উপজেলায় বদলি করা হয়েছে। সম্প্রতি বদলির বিষয়টি নিশ্চিত করেছেন এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।
অভিযোগ রয়েছে, সরকারি অফিস কক্ষে প্রতিদিন নির্দ্বিধায় সিগারেট টানতেন তিনি। প্রায়ই দেখা যেত—এক হাতে সিগারেট, অন্য হাতে সেবাগ্রহীতাদের ফাইলে সই করছেন। সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান দণ্ডনীয় হলেও তিনি নিয়মের তোয়াক্কা করতেন না।
সেবাগ্রহীতাদের অভিযোগ, তার কক্ষে প্রবেশ করলেই সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়তো। অফিসে যত লোকই থাকুক, সবার সামনেই তিনি ধূমপান করতেন।
এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। তাকে কৈফিয়ত তলব করা হয় এবং সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরাসরি কুলাউড়া গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
