কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা
নিজস্ব প্রতিবেদক কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মারা গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. হাছনা বেগম। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হাছনা বেগম কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের স্ত্রী। তিনি কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। তবে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিক্ষিকা হাছনা বেগমের মৃত্যুতে কুলাউড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
