কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (১৩ আগস্ট) দুপুরে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই মোহিতসহ পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে সোয়েবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত সুয়েব হাজীপুর ইউনিয়নের মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে তিনি এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় সুয়েবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পলাতক থাকা অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
