শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করেন।
জানা যায়, ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় একটি বিশেষ অভিযানে তাদেরকে বিদেশি মদসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
