কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নে এক রাতে ৩টি গরু চুরি
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে চোরের দল হানা দিয়ে তিনটি গরু নিয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহে ইউনিয়নে মোট সাতটি গরু চুরির ঘটনা ঘটলো।
রজনপুর গ্রামের ফয়জুর রহমান জানান, গভীর রাতে আব্দুল মছব্বিরের বাড়ি থেকে একটি দুধেল গাভী ও দুটি ডেকা গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এসব গরুর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে তিনি দাবি করেন।
এর আগে গত ২৬ আগস্ট মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে আরও চারটি গরু চুরি হয়। এভাবে একের পর এক গরু চুরির ঘটনায় পুরো ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরআহমেদ চৌধুরী বুলবুল জানান, “আমি গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে কথা বলেছি। পাশাপাশি গরুর মালিকদের জিডি করার পরামর্শ দিয়েছি।”
