শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা গাদ্দার জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

 

নিজস্ব প্রতিবেদক বড়লেখা:

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, “৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা গাদ্দার।” তিনি বলেন, আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি।

রবিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আফেন্দী আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। আর ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালাতে বাধ্য হলেও তাদের মতাদর্শ রেখে গেছে।

তিনি বলেন, “ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকতো তবে এটিকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা যেত না। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।”


কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীন এবং সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি হাসান আহমদ। এতে বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, উপজেলা জমিয়তের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা মঈন উদ্দিন, সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, উপজেলা যুব জমিয়তের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম এবং জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।

ক্রনেট২৪/রাহিন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url