মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে দুর্বৃত্তদের হামলায় রুবেল আহমদ (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সদাইপাতির (এফ রহমান ট্রেডিং) স্বত্বাধিকারী এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সিএনজি চালকরা তার চিৎকার শুনে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
