সিলেটে ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন
ডেস্ক রিপোর্ট:
সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
