বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধ ও ডিজিএম অপসারণের দাবিতে মানববন্ধন

 


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকির অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, আয়োজক শরীফ উদ্দিন ইমন, স্বপন আহমেদ খান, ফাহাদ আহমেদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল ওদুদ, কাওসার আহমেদ ও স্থানীয় ব্যবসায়ী মুমিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বড়লেখা উপজেলায় ঘন ঘন লোডশেডিং হয়ে চলেছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তারা অবিলম্বে বড়লেখায় লোডশেডিং সমস্যার সমাধান এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ডিজিএম খায়রুল বাকির অপসারণ দাবি করেন। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম খায়রুল বাকি শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, “লোডশেডিং শুধু বড়লেখার সমস্যা নয়, দেশের বিভিন্ন এলাকায়ও বিদ্যুৎ ঘাটতি রয়েছে। বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।”




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url