ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

 



ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
অভিযোগ: দুর্নীতি, গাছ কাটা ও শিক্ষার্থীদের উপবৃত্তি বঞ্চনা

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন। এতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি বিলাল আহমদ, সুমি বেগম, ফয়সল আহমদ, মুজিবুর রহমান, আপ্তাব আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান বিদ্যালয়ের গাছ অবৈধভাবে কেটে নেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করাসহ নানা দুর্নীতিতে জড়িত। তার বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে অভিযোগের সত্যতা মিললেও বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান বলেন, “আমি কোনো দুর্নীতি করিনি। উপবৃত্তির তালিকা নিয়ম মেনেই পাঠিয়েছি। কেন শিক্ষার্থীরা বাদ পড়েছে তা আমার জানা নেই।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম জানান, ঘটনাস্থলে সহকারী শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছিল। তিনি অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা লক্ষ্য করেন। পরিস্থিতি বিবেচনায় প্রধান শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url