সোহাগ হত্যার প্রতিবাদে বড়লেখায় একাধিক বিক্ষোভ মিছিলের ঘোষণা: চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের দাবিতে রাস্তায় নামবে শিক্ষার্থীরা ও রাজনৈতিক দল

 



সোহাগ হত্যার প্রতিবাদে বড়লেখায় একাধিক বিক্ষোভ মিছিলের ঘোষণা: চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের দাবিতে রাস্তায় নামবে শিক্ষার্থীরা ও রাজনৈতিক দল


নিজস্ব প্রতিবেদক ::

পুরান ঢাকায় নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগের হাসিমাখা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনার প্রতিবাদে দেশের নানা প্রান্তে যেমন প্রতিবাদ চলছে, তেমনি মৌলভীবাজারের বড়লেখায়ও ঘোষিত হয়েছে একাধিক বিক্ষোভ কর্মসূচি।

মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ সোহাগ হত্যার ঘোর বিরোধিতা করছে। কারণ, মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী বর্বরতার চরম উদাহরণ।

এই নির্মম ঘটনার প্রতিবাদ ও চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে শনিবার (১২ জুলাই) দুপুর ২ ঘটিকায় বড়লেখায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি), বড়লেখা উপজেলা শাখা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বড়লেখা ইসলামী ব্যাংকের নিচ থেকে।
একই সময়ে বড়লেখা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ বিক্ষোভ মিছিল করবে উত্তর চৌমুহনী এলাকা থেকে।
এছাড়া মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা একই সময় বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে।

আয়োজকরা জানিয়েছেন, এসব কর্মসূচির মূল দাবি হলো—দেশজুড়ে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার অবসান ঘটানো এবং সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url