ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি
ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি
নিজের পদত্যাগপত্রে রাব্বি মিয়া লেখেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময়ে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তবে শুধুমাত্র ব্যক্তিগত কারণেই নয়, সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর ‘নীতিবহির্ভূত কার্যক্রম’ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা আমার কাছে যথেষ্ট মনে হয়নি।’
তিনি ভবিষ্যতের জন্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে একটি ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।’
সবশেষে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ‘আজকের পর থেকে বিএনপি কিংবা দেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’
জানা গেছে, মুহাম্মাদ রাব্বি মিয়া দীর্ঘদিন ধরে ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন এবং মৌলভীবাজার জেলা শাখার একজন পরিচিত মুখ হিসেবে সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
