অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে ফেরানোর: নাহিদ ইসলাম

 

অভ্যুত্থানের পর নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে ফেরানোর: নাহিদ ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরনো আইন, পুরনো সিস্টেমে আমরা আর বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পর কিছু শক্তি আবারও চেষ্টা করছে দেশকে পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়ার।”

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বেড়িরপাড় এলাকায় এনসিপির জেলা শাখা আয়োজিত ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা সেই বাংলাদেশে ফিরতে চাই না। আমরা বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

এর আগে সিলেট থেকে গাড়িবহর নিয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শেষে সমাবেশে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। রোদের মধ্যেও কয়েক হাজার মানুষ বক্তব্য শুনতে উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সরকার বারবার জুলাই ঘোষণা দেয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি। তাই জনগণের ঘোষণা এখন রাজপথেই হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হয়ে আমরা নিজেরাই লিখে নেব দেশের ভবিষ্যতের দলিল।”

আক্তার হোসেন বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের এখন আর চিহ্নিত করতে সময় লাগে না। জনগণের ঐক্যই এখন ফ্যাসিবাদের একমাত্র প্রতিরোধ।”

সমাবেশের সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়

সমাবেশ ঘিরে পুরো শাহ মোস্তফা সড়কে রাত থেকেই যান চলাচল বন্ধ করে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে, এনসিপির সিলেট বিভাগের কর্মসূচিতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম উপস্থিত থাকলেও মৌলভীবাজার কর্মসূচিতে তারা অংশ নেননি।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url