ভূমি কর্মকর্তাদের চাপ প্রয়োগ: সমন্বয়ক পরিচয়ে যুবকের কারাদণ্ড

 

ভূমি কর্মকর্তাদের চাপ প্রয়োগ: সমন্বয়ক পরিচয়ে যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

সিলেটের ওসমানীনগরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ ও জামায়াত নেতা পরিচয়ে ভূমি কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগে মাহবুবুর রহমান (৩২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।

জানা যায়, মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক এবং জামায়াত নেতা পরিচয় দিয়ে কাগজপত্রবিহীন জমি নামজারি করতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহসিলদারদের চাপ দিয়ে আসছিলেন। সোমবার দুপুরে তিনি উপজেলা ভূমি কার্যালয়েও একই উদ্দেশ্যে কর্মকর্তাদের চাপ দেন এবং হুমকি দেন—তাঁর দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে কার্যালয় ঘেরাও করবেন।

এ সময় ইউএনও জয়নাল আবেদীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের সামনে মাহবুবুর রহমান দোষ স্বীকার করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনের নামও প্রকাশ করেন, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারি আনহার আহমদ বলেন, মাহবুবুর রহমান জামায়াতের কেউ নন এবং তাঁর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব শাখার কার্যক্রম রোববার সন্ধ্যায় স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে থাকায় ইউএনও জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

সূত্রঃ প্রথম আলো



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url