কুলাউড়ায় ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাই, সিএনজি নিয়ে পালালো দুর্বৃত্তরা
কুলাউড়ায় ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাই, সিএনজি নিয়ে পালালো দুর্বৃত্তরা
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পথরোধ করে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ‘মজুমদার ফ্যাশন’-এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ছিনতাইয়ের শিকার হন।
ভুক্তভোগী জানান, দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা পরিষদের পশ্চিম পাশে সাদেকপুর রোডের মুখে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশা এসে তার গতিরোধ করে। মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে নামা তিনজন দুর্বৃত্ত তাঁর হাতে থাকা দুটি টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং মহিলা কলেজ ও আহমদাবাদ মাদরাসা রোডের দিকে দ্রুত পালিয়ে যায়।
মিজানুর রহমান আরও জানান, সিএনজিতে চালকসহ তিনজন ব্যক্তি ছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানানো হলেও ছিনতাইকারীদের ধরা সম্ভব হয়নি।
