গোয়াইনঘাটে দোকান ও বসতঘর দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫
শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী এই সংঘর্ষ হয়।
জানা গেছে, সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তারা চলে যাওয়ার পর ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
বিএনপি সমর্থিত টেংনাগুল গ্রামের জামাল মিয়া অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলা উদ্দিন ও তার লোকজন জোরপূর্বক তাদের ১০টি দোকানঘর দখলে নেয়। আজ আদালতের আদেশ পেয়ে তারা দোকানঘর পুনরুদ্ধারে গেলে আওয়ামী লীগ পক্ষ হামলা চালায়। এতে তাদের ৫-৬ জন আহত হন, যাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, তার চাচা আপ্তাব উদ্দিন বৈধ কাগজপত্র অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই জায়গার মালিকানা ভোগ করছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উভয়পক্ষকে উচ্চ আদালতের শরণাপন্ন হতে বললেও, বাবুল মিয়ার লোকজন উল্টো জোর করে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তাদের পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ও রুস্তুমপুর বিট অফিসার রকিব আহমেদ বলেন, বাজারের দোকানঘর নিয়ে দুই রাজনৈতিক দলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলা ছিল। উত্তেজনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কিন্তু চলে যাওয়ার পর আবারও সংঘর্ষ হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, পীরের বাজারে দোকানঘর নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
