শিক্ষক রোজিনা হত্যা মামলার পলাতক আসামী সোনা গ্রেফতার
শিক্ষক রোজিনা হত্যা মামলার পলাতক আসামী সোনা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ
কমলগঞ্জের বহুল আলোচিত শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগম হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরফে সোনা (৫০) অবশেষে গ্রেফতার হয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সহযোগিতায় গত মঙ্গলবার (৩ জুলাই) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযান ব্যর্থ হওয়ার পর অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া সোনা কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামের মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং মামলার অন্যতম পলাতক আসামী।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক রোজিনা হত্যাকাণ্ডে দায়ের করা মামলার (নং-১৩/২৫) অন্যতম অভিযুক্ত আবুল হোসেন। মামলার প্রধান আসামীকেও ধরতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মে সকাল ১০টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাসানীগাঁও গ্রামে একটি কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। এ ঘটনায় আপত্তি জানাতে গেলে নি'হ'ত রোজিনার বোনজামাই জালাল মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
জালালকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী নুরুন নাহার লুবনা, ভাই হারুন মিয়া এবং শিক্ষিকা রোজিনা বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজিনা বেগমের বয়স ছিল ৩৫ বছর। তিনি একজন আদর্শ শিক্ষক ও আইন বিভাগের ছাত্রী ছিলেন। তার একমাত্র ১০ বছর বয়সী শিশু সন্তান রয়েছে। ঘটনার পর রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
