সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড এবং আরও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়কে স্বাগত জানিয়েছেন নিহত সুমেলের পরিবার।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং অন্যদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিল গংদের মালিকানাধীন জমিতে মাটি কাটতে যায় সাইফুল ও তার সহযোগীরা। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয় শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর, যাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় সুমেলের বাবা ও চাচাসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন। তিনদিন পর, ৩ মে নিহত সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই তৎকালীন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলায় ২৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। যুক্তিতর্ক শেষে আদালত ৩০ জুলাই রায় ঘোষণা করেন। এতে ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে হাজতবাসের মাধ্যমে সাজা পূর্ণ করেছেন, ফলে তারা মুক্তি পাবেন।
মামলার প্রধান আসামি সাইফুল প্রায় সাড়ে তিন বছর ধরে জেলহাজতে রয়েছেন। এজাহারভুক্ত অপর একজন আসামি মামুনুর রশীদ এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে সুমেল আহমদের পরিবার, তবে তারা দ্রুত কার্যকর বিচার এবং সব আসামিকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
