চুনারুঘাটে জমি বিরোধে হামলায় যুবক খুন, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলাউদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের আক্তার মিয়া ও আলাউদ্দিনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আক্তার মিয়া ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে আলাউদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সোমবার (২৮ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
