নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল ইসলাম নিহত
নিউইয়র্ক পুলিশ জানায়, হামলাকারী ২৭ বছর বয়সী শেন তামুরা ঘটনার এক ঘণ্টা আগেই লাস ভেগাস থেকে নিউইয়র্কে এসে করপোরেট ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তামুরা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের ব্রংসের ৪৭ প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন এবং গত চার বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনাস্থলে তিনি সাহসিকতার সঙ্গে হামলাকারীর মোকাবিলা করতে গিয়ে নিহত হন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তাকে “বিভাগের গর্ব” বলে উল্লেখ করে জানিয়েছে, “তিনি যখন আমাদের শহরকে রক্ষা করছিলেন, তখনই মর্মান্তিকভাবে তার জীবন শেষ হয়ে গেল। আমরা চিরকাল তার সাহস ও উত্তরাধিকারকে সম্মান জানাব।”
নিহত দিদারুল ইসলাম নিউইয়র্কের পার্চেস্টার এলাকায় বসবাস করতেন। পরিবারে স্ত্রী, দুই সন্তান এবং বাবা-মা রয়েছেন। তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। সোমবার রাতেই তাঁর মরদেহ হাসপাতালে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার নিউইয়র্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হতে পারে।
এদিকে দিদারুলের মৃত্যুর খবর পৌঁছাতেই তাঁর পিতা আব্দুর রব শোকে অসুস্থ হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মাগুরা আবাসিক এলাকার ‘নাঈমা নীড়’ ভবনে শোকের ছায়া নেমে এসেছে।
