হবিগঞ্জে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই মদনমুরত গ্রামে বিয়ের প্রস্তুতির সময় আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষু পাল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ের আয়োজন ছিল ৩১ জুলাই বৃহস্পতিবার। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জা করা হচ্ছিল। বাড়ির একটি গ্রিলের সঙ্গে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের তার ঝুলছিল, যেটিতে লিকেজ ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকাবহ হয়ে উঠেছে।”

এদিকে, বিষু পালের পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url