জকিগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
শাহগলি বাজার এলাকায় ঘটনার পর এলাকায় উত্তেজনা, বিচারের দাবিতে বিক্ষোভের ডাক
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গত ২৬ জুলাই শনিবার দুপুর আনুমানিক ১টায়, শাহগলি বাজার সংলগ্ন একটি ইটভাটার (ব্রিকফিল্ড) কাছে। ভুক্তভোগী শিক্ষার্থী বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ওইদিন স্কুলে প্রাইভেট পড়া শেষে মেয়েটি টেইলার্সে যাওয়ার পথে এক সিএনজি চালক তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে শাহগলি সিএনজি স্ট্যান্ডে কিছু চালক অভিযুক্ত চালকের কাছে ২৫ হাজার টাকা দাবি করলে সেখানে এক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই সুযোগে চালক মেয়েটিকে শাহগলি সংলগ্ন একটি ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের সময় মেয়েটি জ্ঞান হারায়। জ্ঞান ফিরে এলে অভিযুক্ত তাকে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, ধর্ষণের সময় মেয়েটির ভিডিও ধারণ করা হয় এবং ঘটনা কাউকে জানালে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা মেয়েটির ভাইকেও ফোন করে ঘটনা ধামাচাপা দিতে চাপ দেয় এবং তা না মানলে বাড়িতে হামলার হুমকি দেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৫ জন:
1. তানজিদ (২২), খিলগ্রাম, পিতা: আব্দুল বাছিত – সিএনজি চালক 2. ইমরান, নিদনপুর, পেশা: সিএনজি চালক 3. সাকের, মাইজগ্রাম – সিএনজি চালক 4. সাকিল, মাইজগ্রাম – টমটম চালক 5. মুমিন, মনতৈল – ঝালমুড়ি বিক্রেতা
ঘটনাটি বাজার এলাকায় ঘটায় মুহূর্তেই তা লোকমুখে ছড়িয়ে পড়ে। ২৯ জুলাই বিষয়টি সামাজিক মাধ্যমে উঠে আসার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, ৩০ জুলাই জকিগঞ্জ থানায় মামলা দায়ের করবেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন:
এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অসহ্য যন্ত্রণা ও বিচারের দাবিতে উত্তাল জনতা
ভুক্তভোগীর চাচা বলেন:
এই নির্মম ঘটনায় আমাদের পরিবারের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। এত নিষ্ঠুরতা আমরা কখনো দেখিনি। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করছি
এই ঘটনার প্রতিবাদে ৩০ জুলাই বিকাল ৩টায় শাহগলি বাসস্ট্যান্ডে নিদনপুর মৌজাবাসীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।


