সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকার বিস্ফোরণে টেকনিশিয়ান নিহত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরণে রুম্মান আহমদ (২২) নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল হক (২৫) নামে আরেক টেকনিশিয়ান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বাসিন্দা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সানরাইজ নামক কারিগরি প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা বোর্ডিং ব্রিজের চাকা বদলাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি চাকা খুলে সজোরে রুম্মান ও এনামুলের গায়ে আঘাত করে বিস্ফোরিত হয়। আহত অবস্থায় দুজনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষণ পর চিকিৎসকরা রুম্মানকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন,
“এটি ছিল নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ। আমাদের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সানরাইজ এ কাজটি করছিল। হঠাৎ দুর্ঘটনায় দুইজন আহত হন, এর মধ্যে একজন মারা গেছেন।”
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কোনও বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, যেখানে রুম্মানের মৃত্যু হয়।

