হবিগঞ্জে শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন
নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার মাধবপুরে শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন জানান, এ ঘটনায় জেলার প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে সময় লাগবে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, আজ রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। এমনকি আগামীকাল দিনের মধ্যেও কাজ শেষ হবে কি না নিশ্চিত নই। তবে শ্রীমঙ্গল গ্রিড থেকে অল্পসংখ্যক গ্রাহককে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।
