জামিনের প্রলোভনে প্রতারণা: মৌলভীবাজারে ফারুক আহমদ গ্রেফতার

জামিনের প্রলোভনে প্রতারণা: মৌলভীবাজারে ফারুক আহমদ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:

জামিন করিয়ে দেওয়ার প্রলোভনে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাত ৩টায় বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী কুলাউড়ার নজরুল ইসলাম জানান, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। এই সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক নিজেকে প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয় দিয়ে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দেন। চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌর শহরের নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে একটি চুক্তিনামা হয়, যাতে বলা হয় তিন দিনের মধ্যে জামিন না হলে ২,৫০,০০০ টাকা ফেরত দেওয়া হবে।

পরে ভুক্তভোগী পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ওই টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে জামিন না হওয়ায় ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এমনকি হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

আরও অভিযোগে বলা হয়, ফারুক একই কৌশলে নজরুল ইসলামের এক পরিচিত ব্যক্তির কাছ থেকেও বিদেশে পাঠানোর নামে নগদ ৩০ হাজারসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন।

স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় নজরুল থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম বলেন, “জামিনের নামে টাকা নেওয়া সরাসরি প্রতারণা ও ফৌজদারি অপরাধ। পুলিশ ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও জানান, “কোনো ব্যক্তি যদি মামলা, পুলিশি সহায়তা বা আদালতের বিষয়ে টাকা নিয়ে ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, তাহলে সেটি প্রতারণা। এ বিষয়ে কেউ যেন প্রতারিত না হন এবং এমন চক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেন।”

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সচেষ্ট।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url