কুলাউড়ায় সীমান্ত অতিক্রম করে মাছ ধরার সময় বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি যুবক
কুলাউড়ায় সীমান্ত অতিক্রম করে মাছ ধরার সময় বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি যুবক
শনিবার (১৯ জুলাই) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিন বাংলাদেশি যুবক ভারতের সীমানায় প্রবেশ করেছিল। তখনই বিএসএফ তাদের আটক করে। আমি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।”
আটক হওয়া তিন যুবক হলেন—শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, ঘটনার সময় ওই তিন যুবক হরিপুর এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতরেই মাছ ধরছিলেন। এ সময় ১৫-২০ জনের একটি বিএসএফ দল সীমান্ত অতিক্রম করে তাদের চোরাকারবারির সন্দেহে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাই ও তার সঙ্গীরা বাংলাদেশের অংশেই মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানিয়েছি।”
অন্যদিকে, বিজিবির শনিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দল সীমান্তের ১,৮৫৯ নম্বর মূল খুঁটি পেরিয়ে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। তখন বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের টিলাবাজার ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
ওসি মো. ওমর ফারুক জানান, ভারতের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
