বড়লেখায় বিজিবির অভিযানে ভারতীয় সীম, মোবাইল ও ৯ হাজার রুপিসহ আটক ২
বড়লেখায় বিজিবির অভিযানে ভারতীয় সীম, মোবাইল ও ৯ হাজার রুপিসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করা দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল গ্রামে মানবপাচারকারী হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় হোসেন আলী পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন– কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চরিয়াকনা গ্রামের শংকর সূত্রধরের ছেলে টিটু সূত্রধর ও হরিধন সূত্রধরের ছেলে পিন্টু সূত্রধর। পলাতক হোসেন আলী একই ইউনিয়নের বড়াইল গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বড়াইল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ওই দুই ব্যক্তি হোসেন আলীর বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে লাতু বিওপির নায়েক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় হোসেন আলী পালিয়ে গেলেও ভারতফেরত দুই অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ভারতীয় সীমসহ দুটি মোবাইল ফোন, ৫০০ রুপির ১৮টি নোট (মোট ৯ হাজার ভারতীয় রুপি) এবং মানবপাচারে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “বড়াইল গ্রামের হোসেন আলীর বিরুদ্ধে ভারতের দালাল চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরে মানবপাচারের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়া দুই ব্যক্তি পুনরায় তার মাধ্যমে বাংলাদেশে ফিরে আসে এবং তার বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।”
বিষয়টি নিশ্চিত করে লাতু বিওপির নায়েক মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় পলাতক হোসেন আলীসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রম ও অভিবাসী আইনে বড়লেখা থানায় মামলা করা হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, “আটক দুজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক হোসেন আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
