অবৈধ মাছ ধরার জাল জব্দে হাকালুকি হাওরে বিশেষ মোবাইল কোর্ট অভিযান


অবৈধ মাছ ধরার জাল জব্দে হাকালুকি হাওরে বিশেষ মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের হাকালুকি হাওরের জুড়ী অংশে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দোয়ারি (ম্যাজিক জাল) এবং ১টি জগৎবেড় জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। অভিযান চলাকালেই জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও, অবৈধ মাছ শিকার কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, এবং নিরাপত্তা সহায়তায় ছিলেন এসআই মামুন এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি টিম। এছাড়াও, জুড়ী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানকে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url