কুলাউড়ায় ৫০০ চক্ষু রোগী পেলেন ফ্রি চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া
কুলাউড়ায় সিলেটভিত্তিক সামাজিক সংগঠন নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)-এর উদ্যোগে এবং দাতা সংস্থা ‘বাঁচাও ইউএসএ’-এর আর্থিক সহায়তায় একদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল চিকিৎসা সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএস-এর নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "নিঃস্ব সহায়ক সংস্থা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড— যেমন মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, টিউবওয়েল ও লেট্রিন বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্যোগকালীন সহায়তা— এর মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ মানবিক অবদান রেখে চলেছে। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।"
ক্যাম্পের সমন্বয়ক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ-এর পরিচালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল মান্নান।
চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এরমধ্যে ১০০ জন ছানি পড়া রোগীকে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে রেফার করা হয়।
এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
