কুলাউড়ায় প্রতিবন্ধী শিশু গোপালকে হেলাল মিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

 

কুলাউড়ায় প্রতিবন্ধী শিশু গোপালকে হেলাল মিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া চা বাগানের শারীরিক প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতালকে মানবিক সহায়তা প্রদান করেছেন কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হেলাল মিয়া।

আজ (সোমবার, ১৬ জুন) শিশুটির নিজ বাড়িতে গিয়ে তার পিতা অনিল সাঁওতালের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় জনাব হেলাল মিয়া জানান, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি গোপালের দুর্দশার কথা জানতে পারি এবং শুরু থেকেই তাদের খোঁজখবর রাখছি। যতটা পারি, আমি শিশুটির পাশে থাকবো এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।”

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার নেতা জনাব লোকমান আহমেদ, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি জনাব শাহীন আহমেদ, সামাজিক সংগঠন ‘জংশন কুলাউড়া’র অ্যাডমিন জামাল হোসেন তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ মুরইছড়ায় ঘুরতে গিয়ে গর্তে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধী শিশু গোপালের মানবেতর জীবনের চিত্র দেখতে পান। তিনি বিষয়টি ফেসবুকে তুলে ধরলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিবেদনটির সূত্র ধরে কুলাউড়া উপজেলা প্রশাসন শিশুটিকে সমাজসেবা অফিসে নিয়ে গিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করে। গত ১৬ জুন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে মুরইছড়া চা বাগানে গিয়ে ওই কার্ড হস্তান্তর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জায়গা থেকে সহানুভূতির ঢল নামে। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরাও শিশুটিকে চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, সঠিক ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে শিশুটির সুস্থতা সম্ভব হলেও এটি একটি দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন নিয়মিত মনিটরিং ও সহযোগিতা।

সামাজিক ও মানবিক দিক বিবেচনায় শিশু গোপালের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সুনির্দিষ্ট ভূমিকা ও দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url