গাংকুল খনকারটিলায় যুব সমাজের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
গাংকুল খনকারটিলায় যুব সমাজের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
নিজস্ব প্রতিবেদক বড়লেখা
সম্প্রতি ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাংকুল খনকারটিলা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। বিশেষ করে গ্রামের প্রধান চলাচলের রাস্তা বন্যার পানিতে ভেঙে গিয়ে চরম দুর্ভোগ নেমে আসে স্থানীয় বাসিন্দাদের ওপর।
এই সংকটময় মুহূর্তে এলাকার যুবসমাজ দেখিয়েছে ব্যতিক্রমী উদাহরণ। গাংকুল খনকারটিলা যুব সমাজের পৃষ্ঠপোষকতায় এবং আল-আমিন ইসলামী তরুণ সংঘ - খনকারটিলা এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রামের তরুণ ও যুবকরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামতের কাজ হাতে নেন।
নিজেদের উদ্যোগে, অর্থ ও শ্রম দিয়ে তারা রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন—যা এখন আবারো গ্রামবাসীর যাতায়াতের জন্য সহজতর হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, সরকারি সহায়তা কিংবা প্রশাসনিক সহযোগিতা ছাড়াই এভাবে নিজস্ব উদ্যোগে রাস্তাঘাট মেরামত করাটা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। এমন কাজে তরুণ প্রজন্মের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।
একজন স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন,
“এই রাস্তায় না থাকলে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া, চিকিৎসা করানো—সব কিছুই বন্ধ হয়ে যেত। আল্লাহর রহমতে আমাদের তরুণরা সময়মতো এগিয়ে এসেছে। এটাই আমাদের আসল শক্তি।”
এ ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ এলাকার সামাজিক ঐক্য ও সচেতনতার প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন সকলে। গ্রামের উন্নয়নে যুব সমাজের এমন অগ্রণী ভূমিকা ভবিষ্যতের জন্য আশার আলো জাগায়।
নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন


