কুলাউড়ায় অটোরিকশাচালক শাহীন হত্যা: অভিযুক্ত ঘাতকের আত্মসমর্পণ
কুলাউড়ায় অটোরিকশাচালক শাহীন হত্যা: অভিযুক্ত ঘাতকের আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে সে আত্মসমর্পণ করে। পরে কুলাউড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে হান্নান শাহীনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিল হান্নান। তাকে গ্রেপ্তারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। পুলিশের চাপ ও তৎপরতায় অবশেষে মঙ্গলবার বিকেলে হান্নান আত্মসমর্পণ করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ‘সময় কুলাউড়া’কে জানান, “শাহীনের পরিবার অভিযুক্ত হান্নানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। আগামীকাল (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
