ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইঞ্জিন বিকলের ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি থেমে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে এর ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে করে স্টেশনটিতে আটকে পড়ে ট্রেনটি এবং পরবর্তী সময়ে সিলেটগামী সব ট্রেন চলাচলও বাধাগ্রস্ত হয়।
ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রী এমএ মজিদ জানান, "সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে। টিকিট কাউন্টারে যোগাযোগ করলে তারা জানান, রিফান্ডের কোনো সুযোগ নেই। এতে করে শুধু সময় নষ্টই নয়, আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছি।"
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, “নোয়াপাড়া স্টেশন থেকে ট্রেনটি ১২টা ৫৩ মিনিটে ছেড়ে আসে। শায়েস্তাগঞ্জে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালেই থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।”
তিনি আরও জানান, ইঞ্জিন সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে যাত্রীরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন এবং দ্রুত সমাধানের জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
