কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারী আটক



কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার (৯ জুন) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহতাব মিয়ার ছেলে জুবেল মিয়া (১৯) এবং পশ্চিম মিনার মহল এলাকার আজাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৮ জুন) রাত ১০টার দিকে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক। এরপর এলাকাবাসী বিষয়টি নজরে রেখে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাশিমপুর এলাকায় তাদের আটক করে।

খবর পেয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url