শ্রীমঙ্গলে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
শ্রীমঙ্গলে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুলাল মিয়া (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার রফিক মিয়ার ছেলে।
রোববার (৮ জুন ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকার সম্রাট পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুলাল মিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনস্পেক্টর সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতের নাম ও বাবার নাম পাওয়া গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা শ্রীমঙ্গলের পথে রয়েছেন। তারা আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
