ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় জামায়াত প্রার্থীর নিন্দা ও প্রশাসনের প্রতি আহ্বান


ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় জামায়াত প্রার্থীর নিন্দা ও প্রশাসনের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দুটি হিন্দু ধর্মীয় উপাসনালয়ে সংঘটিত চুরির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বড়লেখা উপজেলার পাখিয়ালা শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় চুরির ঘটনাকে “অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত” উল্লেখ করে বলেন, “ধর্ম, বর্ণ ও সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর সরাসরি আঘাত। যারা এই ঘৃণ্য কাজের সাথে জড়িত, তারা কেবল আইন লঙ্ঘন করেনি, বরং মানুষের ধর্মীয় অনুভূতিকেও চরমভাবে অপমান করেছে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং মন্দির কমিটিকে যথাযথ নিরাপত্তা প্রদান করা হোক।”

মাওলানা আমিনুল ইসলাম আরও বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ের উপর যেকোনো ধরনের আঘাত, আমাদের জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয়ের চোরেরা শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরের দরজার কড়া ভেঙে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url