গর্তে বসবাসকারী সেই প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতাল পেলো সরকারি ভাতার কার্ড
গর্তে বসবাসকারী সেই প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতাল পেলো সরকারি ভাতার কার্ড
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া চা বাগানে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতালের ভাগ্যে অবশেষে সাড়া জাগালো আলোর দিগন্ত। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা সাড়ে তিন বছরের এই শিশুটি এতদিন মানবেতর জীবন যাপন করছিলো।
শিশুটির বাবা অনিল সাঁওতাল চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন, মা সনচড়িয়া সাঁওতাল গৃহিণী। পরিবারটির করুণ জীবনযাত্রার চিত্র উঠে আসে ‘সীমান্তের ডাক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথের ফেসবুক পোস্টে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেললে দ্রুতই বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের।
এরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের নির্দেশে সোমবার (১৬ জুন) মাত্র এক দিনের ব্যবধানে গোপাল সাঁওতালকে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ প্রদান করা হয়। এর মাধ্যমে এখন থেকে নিয়মিতভাবে সরকারি প্রতিবন্ধী ভাতা পাবে শিশুটি।
শুধু তাই নয়, গোপালের চিকিৎসা নিশ্চিত করতে পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শীঘ্রই মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানানো হয়।
কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার।
এই মানবিক উদ্যোগে শিশুটির পরিবার যেমন স্বস্তি পেয়েছে, তেমনি প্রমাণিত হয়েছে—সামাজিক মাধ্যমে একটি সচেতন পোস্টও বদলে দিতে পারে অসহায় কারো জীবন।
