রাজতন্ত্রেও যা হয় না, গত ১৫ বছরে তাই হয়েছে: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রাজতন্ত্রেও যা হয় না, গত ১৫ বছরে তাই হয়েছে: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশ কোনো রাজতন্ত্র নয়, কিন্তু গত ১৫ বছরে যা ঘটেছে তা রাজতন্ত্রেও দেখা যায় না।”
রবিবার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাড়ে ১৬ বছর আমাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয়নি। এই দীর্ঘ সময়ে অনেক পরিচিত মুখ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের সামনে উপস্থিত হতে পারলে ভালো লাগত।”
সাবেক সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমাকে তিনবার দীর্ঘ সময় জেলে রাখা হয়েছে। অনেককে গুম করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলী আজও নিখোঁজ। সে জীবিত না মৃত, তার পরিবারও জানে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। জনগণ ভয়, শোষণ আর নিপীড়নের মধ্যে বেঁচে আছে। তারা কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। অথচ তখন বলা হতো, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল!”
বিচারব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “মানুষকে সাজানো মামলায় ফাঁসিতে ঝোলানো হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাওয়া হতো। তখন আমরা বলেছি—আমাদের স্বপ্ন মানবিক বাংলাদেশ গঠন।”
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি সারাদেশে নির্বাচন করবো। যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, আমি তাদের সঙ্গেই থাকবো।”
সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। ন্যায়বিচারের পক্ষেই কথা বলি। যদি সৎ নেতৃত্ব আসে, তবে পাঁচ বছরেই দেশ বদলে যাবে। আল্লাহ যেন দেশকে এমন নেতৃত্বের হাতে তুলে দেন, যে ন্যায়ের উপর অটল থাকবে।”
সভায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন—জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, ঢাকার পল্টন থানা জামায়াত আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রীপুর জালালিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুল হক, প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষক মনির উদ্দিন চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক এনামুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
