আলেমদের নেতৃত্বেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান


আলেমদের নেতৃত্বেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ আলেমদের নেতৃত্বেই গঠিত হতে হবে। তিনি বলেন, "এই জাতিকে সঠিক পথে পরিচালনার যে যোগ্যতা প্রয়োজন, তা আলিম-উলামাদের মধ্যেই রয়েছে। যদি দেশের নেতৃত্ব আলেমদের হাতে আসে, তাহলে বাংলাদেশ একটি কল্যাণময় ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।"

শনিবার (৭ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াত আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, "ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। যারা মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করেন, তারাই সমাজের প্রকৃত নেতা। কারণ তারা সত্য, ন্যায় ও আদর্শিক মূল্যবোধের ধারক।"

তিনি মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গে বলেন, "নিজামীর মতো একজন যোগ্য নেতা মাত্র সাড়ে তিন বছরে ৩৭টি বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করে সফলভাবে পরিচালনা করেন। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।"

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, "ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে টিকে আছে, আমরা তা মেনে নেবো না। কেউ যদি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করে, তবে তার হাত অবশ করে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অতীতে অনেকেই সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। আর সেই ভুল করা যাবে না। ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শয়তানি বিভেদের প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। সঞ্চালনায় ছিলেন তিনি নিজেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল কুদ্দুস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাবেক ছাত্রনেতা শেলুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান তারেক, প্রভাষক জহিরুল ইসলাম সরকার প্রমুখ।

আলোচনা শেষে ডা. শফিক স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কুলাউড়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url